মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ গোলাম ফারুক মুরাদ। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করায় মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গোলাম ফারুক মুরাদকে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা প্রদান করেন।
এদিন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-০১ শাখার উপ-সচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। যার স্মারক নং- ৪৫.০০.০০০০.০৪৬.১৮.১৬৬.২১-৭৪৮। প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে, নতুন চেয়ারম্যান কার্যভার (দায়িত্ব) গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ গোলাম ফারুক মুরাদ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
একই দিনে ড. মাসুরা বেগম স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ এবং উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষনা করা হলো। যার স্মারক নং- ৪৫.০০.০০০০.০৪৬.১৮.১৬৬.২১-৭৪৬। এর আগে গত ১৪ নভেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে পদত্যাগপত্র জমা দেন গাজী মাঈনুদ্দিন।
এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় গাজী মাঈনুদ্দিন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।
২২ নভেম্বর, ২০২৩।
