মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় খোকন (৪০) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। গতকাল বোরবার ভোরে উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের ইব্রাহিম মিলিটারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন, পিবিআই ও হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আটক খোকন ডাকাত চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের ছাদেক মিয়ার ছেলে। সংঘবদ্ধ ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইব্রাহিম মিলিটারীর ছেলে হারিবুর রহমান তার স্ত্রীর বরাত দিয়ে জানান, আমার টিনের ঘরের জানালা ভেঙে ডাকাত দল ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এরপর আমার স্ত্রীকে জিম্মি করে অন্য ভাইদের বিল্ডিংয়ের দরজা খুলতে বলে। বিল্ডিংয়ে বসবাসকারী এক ভাবী তার নিজের রুমের দরজা বন্ধ করে সিঙ্গাপুর প্রবাসী মাসুদ ভাইকে ফোন দেয়। তারপর মাসুদ ভাই এলাকার কয়েকজনকে ফোন দিলে স্থানীয় ও এলাকাবাসী একজোট হয়ে বাড়ি ঘিরে ফেলে। এরপর ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত সদস্যকে আটক করে এলাকাবাসী।
হাবিবুর রহমান আরো জানান, ডাকাতরা নগদ, প্রায় দেড় লাখ টাকা, ৬ ভরি স্বর্ণ ও ৩টি মোবাইল সেট নিয়ে যায়। সকালে পুলিশ ডাকাতদের ব্যবহৃত কিছু মালামাল উদ্ধার করেছে।
এ বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরা ভোরে ঘটনাস্থলে পৌঁছে খোকন নামের এক ডাকাত সদস্যকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সাথে জড়িত দু’জনের নাম বলেছে। তিনি বলেন, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ডাকাতির সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, বাড়িতে পুরুষ ছিলো না এমন তথ্যের ভিত্তিতে ডাকাতি সংঘটিত হয়। এদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত দা, সাবল, জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্তে পিবিআই আমাদের সহযোগিতা করছে।
