হাজীগঞ্জ থেকে ১২৫২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে সরকার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
সারা দেশের মতো চলতি বছর হাজীগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ২শ’ ৫২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। যার মন প্রতি ১ হাজার ৮০ টাকা। এ সংগ্রহ কার্যক্রম ২৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত চলবে।
বুধবার (১ জুন) হাজীগঞ্জে বোরো ধান সংগ্রহ-২০২২ এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এ দিন সকাল ১১টায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাদ্য গোডাউনে তাৎক্ষনিক উপস্থিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে চলতি বছরের এ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা আক্তার মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে চলতি বছর বোরো ধান সংগ্রহের বিস্তারিত তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম। অনুষ্ঠান উপস্থাপনা করেন গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ জাহিদ।
উল্লেখ্য, বোরো সংগ্রহ ২০২২ মৌসুমে সাড়ে ছয় লাখ টন ধান, এগারো লাখ টন সিদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা। ২০২১ সালেও ধান-চালের দাম একই ছিল।

০২ জুন, ২০২২।