হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা শরীফ নামে আনুমানিক পঁয়তাল্লিশ বছর বয়সি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুন) বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি গ্রামের খাসের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এর আগে গত ৪ দিন আগে মাড়কি গ্রামের কাজী রুবেল নামের এক ব্যক্তি শরীফের পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন উল্লেখ করে একটি ভিডিও সাক্ষাৎকার তার নিজের ফেসবুকে আপলোড করে। সেই সাক্ষাৎকারের সূত্র ধরেই উদ্ধারকৃত মরদেহের পরিচয় সনাক্তসহ পুলিশ প্রাথমিক তদন্তের কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে অজ্ঞাত এক যুবককে মাড়কিসহ পাশর্^বর্তী বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করতে দেখেন। এরপর তার পরিচয় ও পরিবারের খোঁজ পেতে মাড়কি গ্রামের রুবেল নামের এক যুবক গত ২৯ মে তার ব্যক্তিগত ফেসবুকে একটি লাইভ ভিডিও আপলোড করেন।
ওই ভিডিওতে এই যুবক নিজেকে শরীফ নামে পরিচয় দেন এবং তার বাড়ি রাজধানীর ডেমরা এলাকা বলে জানান। তিনি ভিডিওতে মা, ভাই ও জেঠার (চাচা) নাম বললেও বাবার নাম বলেনি। এই ভিডিও আপলোডের মাত্র ৪ দিনের পরেই শরীফ নামক এই যুবকের লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল ও এসআই মো. আব্দুল আজিজ শেখ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে ভিডিও সূত্রে জানা যায়, শরীফের মায়ের নাম আলেয়া বেগম, ভাইদের নাম আরিফ ও রাকিব। জেঠার নাম সালাউদ্দিন। বাবা তাকে মেরেছে বলে বাবার নাম বলেনি সেই ভিডিওতে। সে বাড়ি যেতে আগ্রহী আর বাড়ি ডেমরা বলতে পারলেও অন্য কিছু আর বলেনি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, কাজী রুবেল নামের একজনের ফেসবুকে দেয়া নিহত ব্যক্তির সাক্ষাৎকারের সূত্র ধরে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির বাড়ি ঢাকার ডেমরায়।
তিনি বলেন, উদ্ধারকৃত মরদেহের পরিচয় ও পরিবারের খোঁজ-খবর জানতে ডেমরা থানাসহ সব স্থানে বার্তা পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতকরণে প্রাথমিক তদন্ত কাজ চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
০২ জুন, ২০২২।
