করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
করোনাভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন নেতৃত্বে ব্যাপক গণসচেতনামূলক কর্মসূচি পালন করা হয়। বুধবার (১৮ নভেম্বর) তিনি পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে পৌরসভার সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সামনে দুই ঘণ্টাব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এর আগে গণসচেতনার উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে একটি র্যালি বের করা হয়। র্যালীটি পৌরসভা থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পৌরসভাস্থলে এসে শেষ হয়। র্যালি ও পৌরসভার সম্মুখে অবস্থানকালীন সময়ে ব্যানার, সচেতনতামূলক শ্লোগানসহ বিভিন্ন ফেস্টুন, প্লেকার্ড, লিফলেট, স্টিকার ও মাস্কসহ অংশগ্রহণ করেন তারা।
এসময় যেসব পথচারী এবং সিএনজিচালিত স্কুটার ও অটোরিক্সা এবং পিকআপসহ সব যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক ছিলো না, পৌরসভার পক্ষ থেকে তাদের বিনামূল্যে মাস্ক পরিয়ে দেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া হ্যান্ডমাইকের মাধ্যমে পৌর মেয়র ও পৌরসভার কর্মকর্তারা পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
১৯ নভেম্বর, ২০২০।
