মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে তৃতীয়বারের (হ্যাট্রিক) মতো সভাপতি পদে একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন এবং কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পৌর যুবলীগের আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।
দীর্ঘ ৯ বছর পর গত শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের আহ্বান জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন।
এতে সভাপতি পদে আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও গাজী বিল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম মামুন, মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, মো. শামসুজ্জামান মুন্সী, হায়দার পারভেজ সুজন ও শুকুর আলম শুভর নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এরপর প্রার্থীদের সমঝোতার সুযোগ দিলে সভাপতি পদে আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে সমর্থন করে গাজী বিল্লাল হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
একই সময়ে সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম মামুনকে সমর্থন করে মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, শামসুজ্জামান মুন্সী ও শুকুর আলম শুভ নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে সাধারণ সম্পাদক নির্বাচনে প্রার্থী জহিরুল ইসলাম মামুন ও হায়দার পারভেজ সুজনের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে হায়দার পারভেজ সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এদিন সকালে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী। এরপর টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ্ আখন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।
যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুস ছাত্তারের পরিচালনায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মাওলানা মো. ফয়সাল আহমেদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন লিটন পাল এবং শোক প্রস্তাব পাঠ করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী।
এসময় জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, সদস্য খালেদুর রব মিঠুসহ অতিথিবৃন্দ, উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৩ সালে পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, হায়দার পারভেজ সুজন যুবলীগের পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
২৭ নভেম্বর, ২০২২।
