হাজীগঞ্জ পৌর বিএনপির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পৌর বিএনপির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকালে ইঞ্জি. মমিনুল হকের বাগান বাড়িতে অনুষ্ঠিত পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক।
সভার শুরুতেই চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার প্রাক্তন সাংসদ এমএ মতিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে পৌর বিএনপির কমিটি কেন্দ্রিয়ভাবে অনুমোদিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন পৌর বিএনপি নেতৃবৃন্দ।
এরপর পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজীর পরিচালনায় অনুমোদিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন শাবু ও কবির হোসেন মুন্সী। পরিচয় শেষে ইঞ্জি. মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানান নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ।
সভায় বিএনপির নির্বাহী কমিটির পক্ষে পৌর কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানান প্রধান অতিথি ইঞ্জি. মমিনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কার্যকরী ভূমিকা রাখতে হবে এবং অভিষ্ট লক্ষ্যে পৌছার জন্য কেন্দ্রিয় কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত থাকতে হবে।
পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় ওলামা দলের মহাসচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক চৌধুরী মহন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটোয়ারী। এ সময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ খান রাসেল প্রমুখ।
বক্তব্যের আগে পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো.কাউসার আহম্মদ রিপনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সংবাদকর্মীদের মাঝে প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ ফেব্রুয়ারী স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়ের উপস্থিতিতে পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং গয়েশ^র চন্দ্র রায়ের সুপারিশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই কমিটি অনুমোদন দেন।
৪ অক্টোবর, ২০২০।