হাজীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিকালে বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এ সময় তিনি তাঁর বক্তব্যে বর্তমান কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এরপর আগামি তিন বছরের জন্য নতুন করে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহ্বান করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু।
এতে সভাপতি পদে দেলোয়ার হোসেন মুন্সী, আবু তাজের লিটন ভূঁইয়া ও শাহজাহান মোল্লা সাজুসহ ৩ জন, সাধারণ সম্পাদক পদে কাজী মামুনুর রশিদ মাসুদ, মোজাম্মেল হক মজুমদার মঞ্জু, সিরাজুল ইসলাম মিজি, শাহরিয়ার তুহিন বেপারী, মশিউর রহমান মনির ভুঁইয়াসহ ৫ জনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়।
এরপর সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সমঝোতার জন্য সুযোগ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় সভাপতির বক্তব্যে আ.স.ম মাহবুব-উল আলম লিপন আগামি তিন বছরের জন্য ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দেলোয়ার হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার তুহিন বেপারীর নাম ঘোষণা এবং সম্মেলনের সমাপ্তি করেন।
এর আগে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে পৌর আওয়ামী লীগের সদস্য জাহিদুর রহমান জাহিদের উপস্থাপনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান প্রমুখ।
এসময় ওয়ার্ড ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আমীর ও সাধারণ সম্পাদক আবু তাজের লিটন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা তসলিম আলম মজুমদার শিশির প্রমুখ। সম্মেলনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৭ নভেম্বর, ২০২২।