ভোটগ্রহণ মেনে নিতে না পেরে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ মেনে নিতে না পেরে অতর্কিত হামলা চালান দলীয় কিছু কর্মী ও সমর্থক। এতে ইট-পাটকেল নিক্ষেপের আঘাতে হাজীগঞ্জ পৌরসভার অফিস সহায়ক সোহেল আলমের মাথা ফেটে যায়। এছাড়া আহত হন একাধিক কর্মী-সমর্থক। তাৎক্ষনিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বুধবার (১৬ নভেম্বর) পৌরসভাধীন আলীগঞ্জ মডেল একাডেমির মাঠে এ হামলার ঘটনা ঘটে। এদিন সকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এসময় সভাপতির বক্তব্যে তিনি বর্তমান কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্য শেষে আগামি তিন বছরের জন্য নতুন করে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহ্বান করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু।
এতে সভাপতি পদে মো. মোস্তফা কামাল, মো. আজাদ হোসেন মজুমদার ও কাজী আনিছসহ ৩ জন, সাধারণ সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন রুবেল, মো. কবির হোসেন মজুদার, মো. ইসমাইল, মো. খোরশেদ আলম, মো. আরিফ হোসেন মোল্লাসহ ৫ জন প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থন করা হয়।
এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সমঝোতার জন্য সুযোগ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় সম্মেলনের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন ভোট গ্রহণের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
এরপর ব্যালেট পেপার তৈরির জন্য ১০ মিনিট সময় চেয়ে নেন প্রার্থীরা। কিন্তু উপস্থিত কিছু সদস্য, দলীয় কর্মী-সমর্থকরা এই ভোটগ্রহণ প্রক্রিয়া মেনে নিতে পারেনি। তাদের মধ্যে অনেকে আগের কমিটি বহাল রাখার দাবি করেন। এরমধ্যে হঠাৎ করে সম্মেলনস্থলে অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন কর্মী-সমর্থকরা। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
হামলায় পৌরসভার অফিস সহায়ক সোহেল আলমের মাথা ফেটে যায়। এছাড়া ইটের আঘাতে কয়েক কর্মী-সমর্থক আহত হন। এরপর সম্মেলন অসম্পন্ন রেখেই সম্মেলনস্থল থেকে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ চলে আসেন। এর আগে এদিন সকালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধার উপস্থাপনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, জহিরুল ইসলাম মামুন, সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সাংগঠনিক শামসুজ্জামান মুন্সী, ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ফারুক আহমেদ প্রমুখ। সম্মেলনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭ নভেম্বর, ২০২২।
