মোহাম্মদ হাবীব উল্যাহ্
পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজীগঞ্জে জনসচেতনমূলক প্রচারাভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কসহ বাজারের বিভিন্ন অলি-গলিতে মাইকিং করে ক্রেতা-বিক্রেতা, পথচারী এবং যানবাহনের চালক ও যাত্রীদের সতর্ক ও সচেতন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ।
এসময় তিনি হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সিএনজিচালিত স্কুটার ও অটোরিকশা চালকদের উদ্দেশে বলেন, পবিত্র মাহে রমজান মাসে বাজারে আসা ক্রেতা ও পথচারীদের ব্যাপক সমাগম হবে। তাই যেখানে-সেখানে দাঁড়িয়ে বাজারে যানজটের সৃষ্টি করবেন না। আপনারা পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর হাজীগঞ্জ উপহার দিতে সক্ষম হবো।
একই সময়ে ব্যবসায়ী ও ক্রেতাদের রমজানের শুভেচ্ছা জানিয়ে মো. সোহেল মাহমুদ বলেন, পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজীগঞ্জ বাজারে অনেক লোকের সমাগম হবে। এই জনসমাগমকে কেন্দ্র করে ছিনতাইকারী ও প্রতারক থেকে আপনারা সাবধান থাকুন। ক্রেতা-বিক্রেতাদের ব্যবসায়িক ও ব্যাংকিং কাজে বেশি টাকার লেনদেন হলে পুলিশের সহযোগিতা নিন এবং কাউকে সন্দেহ হলে তাৎক্ষনিক পুলিশকে জানান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের সার্বিক ব্যবস্থাপনায় জনসচেতনতামূলক প্রচারণায় তিনি বলেন, বাজারে সাদা পোশাকে ও টহল পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলাজনিত যে কোন প্রয়োজনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৪ এপ্রিল, ২০২২।
