ব্যবসায়ী সমিতির ভোটার তালিকা হালনাগাদ করার দাবি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রেখেছিলেন নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থীদের একাংশের সমর্থকরা। শনিবার (২০ মে) সকাল পৌনে এগারোটা থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা।
এরপর ইউএনও’র হস্তক্ষেপে পৌনে ১২টার দিকে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সড়কের দুই পাশে ছোট-বড় কয়েক শতাধীক যানবাহন আটকা পড়ে সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া সড়কে টায়ার জ¦ালানোর কারণে পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, তফসিল অনুযায়ী গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণকৃত ৬৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এ দিন সকাল ১০টায় প্রতীক বরাদ্দের কাজ শুরু করেন এবং কয়েকজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদের দাবিকৃত প্রার্থীরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তাঁরা নির্বাচন কমিশনকে সময় করে ভোটার তালিকা হালনাগাদের পর প্রতীক বরাদ্দ দেওয়ার আবেদন জানান। এ নিয়ে প্রার্থীদের মধ্যে দু’পক্ষের বাক-বিতন্ডা হলে হালনাগাদের দাবিকৃত প্রার্থীদের সমর্থকরা সড়কে অবস্থান নেয়।
এসময় ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দাঁড়িয়ে থাকে তারা এবং আমিন রোডের সম্মুখে টায়ার জ্বালিয়ে দেয়। এতে সড়কের দুই দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে জ¦ালানো টায়ার নিভিয়ে পেলে এবং বিশৃঙ্খলা এড়াতে সড়ক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এসে নির্বাচন কমিশনের সদস্য ও প্রার্থীদের দুই পক্ষের সাথে কথা বলেন এবং বিষয়টি নিয়ে পরবর্তীতে বসার কথা বলেন। ইউএনও ও ওসি নিচে এসে ভোটার তালিকা হালনাগাদের দাবিকৃত প্রার্থীদের সমর্থকদের সড়ক থেকে সরিয়ে যাওয়ার আহবান জানান।
এসময় ভোটার তালিকা হালনাগাদের পক্ষে সভাপতি প্রার্থী ও সাবেক সভাপতি রোটা. আহসান হাবিব অরুনের উপস্থিতিতে সাধারণ সম্পাদক প্রার্থী এবায়েদুর রহমান খোকন বলি তাদের (হালনাগাদের পক্ষে প্রার্থীরা) সমর্থকদের সড়ক থেকে সরে যাওয়ার কথা বলেন। এতে তারা (সমর্থকরা) সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামি ৩১ মে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভোট গ্রহণ। গত ১১ ও ১৩ মে নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থীদের মধ্য একাংশ ৩ হাজার ৪৩ জন ভোটারের মধ্যে ৭/৮শ’ ভুয়া ভোটার থাকার কথা উল্লেখ করেন এবং বাজারের স্থায়ী ব্যবসায়ীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ করে ভোটার তালিকা হালনাগাদের দাবি জানান।
এরপর উল্লেখিত বিষয়টির সমাধান চেয়ে তারা চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনওসহ নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত দেন। কিন্তু দরখাস্তের আলোকে কোন সমাধান না পেয়ে অভিযোগকৃত প্রার্থীরা শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করেন।
ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী রোটা. আহসান হাবিব অরুন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. আলী নেওয়াজ রোমান ও এবায়েদুর রহমান খোকন বলি।
তারা বলেন, ভোটার তালিকা হালনাগাদ না করে যেন শনিবার (২০ মে) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া না হয় এবং হালনাগাদ না করে যদি আগামি ৩১ মে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ব্যবসায়ীরা তা প্রতিহত করবে বলে সংবাদকর্মীদের জানান। এরপর শনিবার প্রতীক বরাদ্দ দেয়া শুরু হলে সড়ক অবরোধ করে তাদের সমর্থকরা।
জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণকৃত ৬৯ জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে রোটা. আহসান হাবিব অরুন ও সাধারণ সম্পাদক পদে ৫ জনের মধ্যে ৪ জন মো. জাকির হোসেন মিন্টু, মো. আলী নেওয়াজ রোমান, মোহাম্মদ ওমর ফারুক ও এবায়েদুর রহমান খোকন বলিসহ অন্যান্য পদের বেশ কয়েকজন প্রার্থী ভোটার তালিকা হালনাগাদের দাবি জানান।
অপর সভাপতি প্রার্থী আলহাজ মো. আসফাকুল আলম চৌধুরী ও মো. ইকবাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক প্রার্থী হায়দার পারভেজ সুজন রয়েছেন। এর মধ্যে সভাপতি প্রার্থী মো. ইকবাল হোসেন মজুমদার নিরব থাকলেও ভোটার তালিকা হালনাগাদের দাবিকৃত প্রার্থীদের সাথে আলহাজ মো. আসফাকুল আলম চৌধুরী ও হায়দার পারভেজ সুজনসহ অন্যান্য পদের বেশ কয়েকজন প্রার্থীর সাথে বাক-বিতন্ডা হতে দেখা গেছে।
২১ মে, ২০২৩।
