কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যৎ
……..ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়া ব্যুরো
মেধাবী শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। শনিবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও সমমানের মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ ৪শ’ ৭৪টি ট্যাব বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যত। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করার সম্ভব না। শিক্ষার্থীরাই আগামি বাংলাদেশের বিনির্মাতা। সে লক্ষ্যকে সামনে রাখে মেধাবী শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হয়েছে ট্যাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে এবং পরিসংখ্যান কর্মকর্তা জয়নুল আবেদীনের পরিচলনায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. জাবের মিয়া, শিক্ষার্থী শামিমা আক্তার ও রাবেয়া আক্তার।
একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার ৫০টি এতিমখানায় ৩ লাখ টাকার চেক বিতরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যলয়ের আওয়াতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে ২৬ বান্ডিল ঢেউটিন ও মজুরী বাবদ ৯৮ হাজার টাকা চেক বিতরণ, উপজেলা সমাজসেবা কার্যলয়ের আওতায় ১১ জনের মাঝে সুদমুক্ত ঋণের চেক বিতরণ করেন।

২১ মে, ২০২৩।