হাজীগঞ্জ বিএনপি নেতা আব্দুর রহমান মিয়াজীর দাফন সম্পন্ন

 

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান (৫৫) মিয়াজীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মিজি বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন আব্দুর রহমান মিয়াজী। তিনি ছাত্রজীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।
মরহুম আব্দুর রহমান মিয়াজীর জানাযা পড়ান তার ভাতিজা মাহমুদুল হাছান নিশান এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের কেন্দ্রিয় নেতা অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার। এর আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক।
বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ছলিম উল্যাহ্ সেলিম ও আলহাজ ইমাম হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন মজুমদার।
পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরীর পরিচালনায় পরিবারের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু ও এলাকাবাসীর পক্ষে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা।
বক্তব্য শেষে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। জানাযায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান ও মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন চৌধুরী মহন উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক কর্মী-সমর্থক, পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
২৭ ডিসেম্বর, ২০২০।