মিশুক ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন হাজীগঞ্জের অসহায় ও দরিদ্র মিশুক (অটোরিক্সা) চালক মো. আরিফ হোসেন (২৩)। গত ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে মারা যান। তিনি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের গাজী বাড়ির বাসিন্দা।
গত ১৫ ডিসেম্বর দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক স্টেশন বাজারের পেট্রোল পাম্পের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মিশুক (অটোরিক্সা) ও একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মিশুকের যাত্রী মো. রায়হান হোসেন (১৮) মারা যান এবং মিশুক চালক আরিফ হোসেন ও শিশু যাত্রী রিশাদ (৫) গুরুতর আহত হয়েছেন।
পরে স্থানীয়রা নিহত যাত্রী রায়হান হোসেন, চালক আরিফ হোসেন, যাত্রী রিশাদকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে যাত্রী মো. রায়হানকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে মিশুকের চালক আরিফ হোসেন ও যাত্রী রিশাদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কুমিল্লায় আরিফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। কিন্তু দারিদ্রতার কারণে উন্নত চিকিৎসার করাতে পারেনি তার পরিবারের লোকজন। চাওয়া হয় বিত্তবানদের সহযোগিতা। অবশেষে ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান চালক আরিফ হোসেন।
নিহত যাত্রী রায়হান হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর (রাজাপুর) গ্রামের রুহুল আমিনের ছেলে। এই ঘটনায় ওই সময়ে নিহত যাত্রী রায়হান, আহত চালক আরিফ হোসেন ও যাত্রী রিশাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় থানায় মামলা হয়নি বলে জানান শাহরাস্তি থানার ওসি মো. আব্দুল মান্নান।
২৭ ডিসেম্বর, ২০২০।
