হাটিলা পশ্চিমে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১১শ’ কর্মহীন পরিবার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার (চাল ও নগদ টাকা) পেলেন প্রায় ১১শ’ কর্মহীন পরিবার। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও অস্বচ্ছল লোকদের মাঝে ৯ ধাপে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন ইউপি চেয়ারম্যান আলহাজ মো. জাকির হোসেন লিটু। উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে হাটিলা পশ্চিম ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আলহাজ মো. জাকির হোসেন লিটু। তারই ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল) সকালে ১শ’ জন কর্মহীন, অসহায় ও অস্বচ্ছল পরিবারর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল এবং ২৭ জনের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
এদিন সকালে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, সামাজিক দূরত্ব মেনে ইউএনও’র প্রতিনিধি ও সুবিধাভোগীর উপস্থিতিতে জনপ্রতি ১০ কেজি করে চাল তাৎক্ষনিক ওজন করে দেয়া হচ্ছে এবং জনপ্রতি নগদ ৫শ’ করে টাকা বিতরণ করা হয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলহাজ মো. জাকির হোসেন লিটু জানান, করোনা একটি বৈশ্বিক মহামারি। এ সময় কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত খাদ্য সামগ্রী ও নগদ টাকা সঠিক এবং ধারাবাহিকভাবে বন্টন করা হচ্ছে। তিনি বলেন, ইউএনও’র প্রতিনিধি, সংবাদকর্মী এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, ইউনিয়নে ১৬শ’ হতদরিদ্র, ১ হাজার মধ্যবিত্তের তালিকা করা হয়েছে। আজ পর্যন্ত মোট ৯ ধাপে ১ হাজার হতদরিদ্র ও ৮৫ জনের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়েছে। বাকিদের মাঝে ধারাবাহিকভাবে বিতরণ করা হবে।

৩০ এপ্রিল, ২০২০।