
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং গঠনকল্পে ও মাদক ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে হানারচর আওয়ামী লীগের কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, মাদক একটি মরণব্যাধী ঘাতক। এই মাদক যে সেবন ও বিক্রি করে সেই পরিবারটি ধ্বংস হয়ে যায়। মাদক নির্মূল করার জন্য প্রশাসন বলিষ্ট ভূমিকা রেখেছে। যারা এই মরণব্যাধীর সাথে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে, যাতে করে মাদকের সাথে আর কেউ জড়িত হতে না পারে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করার জন্য। আর এই মাদক নির্মূল করতে পুলিশের সাথে কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তা ও স্থানীয় সবার সহযোগিতা প্রয়োজন। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। আর তা বন্ধে সবার সচেতনতা প্রয়োজন। ইউনিয়ন পর্যায়ে যারা কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বভার গ্রহণ করবেন তারা অবশ্যই যেন মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন ও পুলিশকে জানাবেন।
চাঁদপুর কমিউনিটি পুলিশিং অফিসার ও ইন্সপেক্টর (অপারেশন) আব্দুর রউফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালাউদ্দিন আহামেদ জিন্না, সাধারণ সম্পাদক ওমর ফারুক, হানারচর ইউপির চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী।
কমিউনিটি পুলিশিং গঠনকল্পে ও মাদক ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভায় ইউনিয়নের বর্তমান কমিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড মেম্বার ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
হানারচর ও চান্দ্রা ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠনকল্পে আলোচনা সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে কমিউনিটি পুলিশিং নতুন কমিটির নাম প্রকাশ করা হবে।
১ জুলাই, ২০১৯।
