হামানকর্দ্দীতে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দক্ষিণ হামানকর্দ্দী গ্রামে মুক্তা (২৬) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য হত্যার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুনা যাচ্ছে। যৌতুকের জন্য মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা এমন কথা চাউর হচ্ছে।
জানা যায়, দক্ষিণ হামানকর্দ্দী গ্রামের মৃত রফিক গাজীর মেয়ে ৬ বছর আগে পার্শ্ববর্তী বাগাদী ইউনিয়নের সাহেব বাজার সংলগ্ন হাজরা গ্রামের ফরাজি বাড়ির শাহাবুদ্দিন মিন্টুর সাথে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর শাহাবুদ্দিন মিন্টু তার স্ত্রীকে যৌতুক হিসেবে ৪ লাখ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। মুক্তার পরিবার এত টাকা দিতে পারবে না বলে জানালে তার উপর শুরু হয় নির্যাতন। এ নিয়েই মুক্তার স্বামী শাহাবুদ্দিন প্রায় তার উপর অমানুষিক নির্যাতন ও মারধর করতো।
নিহত মুক্তার ভাই নাছির গাজী জানান, ১২ আগস্ট মুক্তার সাথে তার স্বামী যৌতুকের টাকার জন্য ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে, মুক্তার স্বামী মুক্তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর ২শ’ ৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে, চিকিৎসক ১৮ আগস্ট ঢাকায় রেফার করলে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মুক্তা মারা যাওয়ার পর তার স্বামী পালিয়ে যায়। এ ঘটনায় নিহত মুক্তার ভাই নাছির গাজী ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হচ্ছেন- নিহত গৃহবধূ মুক্তার স্বামী শাহাবুদ্দিন মিন্টু, ননশের স্বামী জসিম গাজী, দেবর ফারুক ও ননশ পারভীন বেগম।
উল্লেখ্য, শাহাব উদ্দিন মিন্টু চাঁদপুর পৌরসভা চাকরি করেন।
২২ আগস্ট, ২০২১।