
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ কর্মসূচি বাস্তবায়নের জন্য পরিচালনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিগত সভার কার্যবিবরণী পাঠ ও পরিচালনায় ছিলেন চাঁদপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ সরকার, জেলা ক্রীড়া অফিসার মো. তরিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক নাজমুল হক কামাল, কমিটির কার্যকরি সদস্য সাধন সরকার, জেলা শিক্ষা অফিস প্রতিনিধি মো. মাকছুদুল আলম ভূঁইয়া।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়- আাগামি ১১ জানুয়ারি শনিবার সকাল ১০টায় জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় হতে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু একাডেমি মিলনায়তেন অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে বিভিন্ন বিষয়ে খেলাধুলা ও সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ক্রীড়া পরিচালনা উপ-কমিটি, সংগীত পরিচালনা উপ-কমিটি, নৃত্য পরিচালনা উপ-কমিটি চিত্রাংকন, কুটির শিল্প প্রতিযোগিতা উপ-কমিটি, শিক্ষা ও সাহিত্যিক বিষয়ক উপ-কমিটি, শিক্ষা ও সাহিত্য বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী সকল শিশুকে জেলা পর্যায়ে আগামি ১১ জানুয়ারি শনিবার ১০টায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিতে সব উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ করা হয়।
জেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে একইদিন বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর বিজয় মেলা মঞ্চে শিশুদের মাঝে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে।
প্রতিযোগিতায় ৪১টি ইভেন্টের বিজয়ী ২৩৭জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।
