প্রেস বিজ্ঞপ্তি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহযোগিতায় আগামি ২২-২৪ নভেম্বর বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম-২০১৯ (এইউপিএফ-২০১৯)। ‘উদ্যোক্তা শিক্ষার ভবিষ্যৎ ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানঃ এশিয়ার অর্থনীতিতে সফল উদ্যোক্তা উন্নয়নের পরিবেশ তৈরীর নিয়ামকসমূহ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশসহ এশিয়ার ১৫ টি দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর ও র্যাক্টরগণ এ ফোরামে অংশগ্রহণ করবেন।
আগামি ২৩ নভেম্বর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সকাল ১০টায় এইউপিএফ-২০১৯ এর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এইউপিএফ-২০১৯ এর প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ওয়ার্ল্ড বিজনেস এনজেলস্ ইনভেস্টমেন্ট ফোরামের চেয়ারম্যান মি. বেবারস্ আলতুনতাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন।
২৪ নভেম্বর সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাসের স্বাধীনতা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যারয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
২৩ নভেম্বর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সন্ধ্যা ৭ টায় অতিথিদের সম্মানে দেয়া নৈশ ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এমপি ও ২২ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে স্বাগত নৈশভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
গতকাল মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও এইউপিএফ-২০১৯ এর আহ্বায়ক প্রফেসর ড. এসএম মাহবুব-উল-হক মজুমদার।
চীন ও থাইল্যান্ডের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক থেকে ১৯৯৯ সালে এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (এইউপিএফ) যাত্রা শুরু করে। দেশ দুটির বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্টরা যাতে সহজেই নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করতে পারেন এমন একটি ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশে সিনো-থাই হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে একটি সম্মেলন করার জন্য থাইল্যান্ডের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, চাওশান কলেজ, শ্রীনাখারিনউইরট ইউনিভার্সিটি ও সিয়ামস ইউনিভার্সিটি সম্মিলিতভাবে একটি প্রস্তাব উত্থাপন করে। সেই থেকে প্রস্তাবিত সম্মেলনটি প্রতিবছর অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সমগ্র এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্টদের অন্তর্ভূক্ত করার চেষ্টা করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১২ সাল থেকে এইউপিএফ এর কার্যক্রমে যুক্ত হয় এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামের স্ট্যান্ডিং কমিটির সদস্য।
- Home
- শিক্ষা ও সাহিত্য
- ২২-২৪ নভেম্বর ‘এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম-২০১৯’
