
প্রেস বিজ্ঞপ্তি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (ডিআইইউমুনা) আয়োজনে আগামি ২ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় শুরু হতে যাচ্ছে ৪ দিনব্যাপী (২-৫ জানুয়ারি) ডিআইউমুন কনফারেন্স-২০২০। ‘যুব অংশগ্রহণ-২০৩০ এর মাধ্যমে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হতে যাওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন। সম্মেলনের সহযোগী অংশীদার হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস বাংলাদেশ এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস সেন্টার। অর্গানাইজিং পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। আর মিডিয়া পার্টনার হিসেববে রয়েছে ইনডিপেন্ডেন্ট টেলিভিশন এবং দি ফিন্যানসিয়াল এক্সপ্রেস।
গতকাল সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম মাহাবুবুল হক মজুমদার, উর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মো. মাহামুদুল হাসান, ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও ডিআইইউ মডেল ইউএন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাফি আল মাহমুদ, সভাপতি তাহমিদ ফাহিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, ৪ দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে জাতিসংঘের ছায়া অধিবেশনের আদলে। এখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবেন, যেভাবে জাতিসংঘের সত্যিকার অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। এই অধিবেশন হবে দেশের সবচেয়ে বড় আবাসিক মডেল ইউএন কনফারেন্স।
