
বিদেশী ঋণ নয়, দেশের টাকায় উন্নয়ন কাজ হচ্ছে
……………….স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম
স্টাফ রিপোর্টার
‘যার যার দল তার তার কাছে ইউনিয়ন পরিষদের স্বার্থে লড়বো সবাই একসাথে’ এ স্লোগানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রিয় সম্মেলন গত রোববার ঢাকায় কৃষিবিদ ইন্সটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলারদের ভোটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রিয় সভাপতি নির্বাচিত হন চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ভূঞা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেন, প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সব বীর শহীদদের, ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত সব শহীদদের।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য বঙ্গকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক মানুষের দ্বারপ্রান্তে পৌঁছতে হবে। বিদেশের টাকা ঋণ করে নয়, দেশের মানুষের টাকায় উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। আপনারা গ্রাম পর্যায়ের সাাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগণের সেবামূলক প্রতিষ্ঠান। আপনারা চেয়ারম্যানসহ মেম্বাররা প্রতিদিন অফিসে আসবেন। সাাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদে আসতে বলবেন তাহলে ইউনিয়ন পরিষদ শক্তিশালী হবে। তাদের অনেক সমস্যা জানতে পারবেন সেখানে বসে সমস্যা দিতে পারবেন। মানুষের সাথে নিবির সম্পর্ক থাকতে হবে। তাদের সাথে মিশে যেতে হবে। এছাড়া এলাকায় জায়গা-জমি, পারিবারিক, মারামারিসহ বিভিন্ন সমস্যা নিয়ে সরকার গ্রাম আদালত দিয়েছে। যাতে সাাধারণ মানুুষ শহরে গিয়ে আদালত ও পুলিশের হয়রানির শিকার হতে না হয়। তাই আপনাদের মেধা দিয়েই গ্রাম আদালতকে শক্তিশালী করতে হবে। শুধু তাই নয় সঠিকভাবে মানুষের কল্যাণকর কাজ করতে হবে।
তিনি আরো বলেন, এটি আমার প্রিয় সংগঠন। কারণ, এই সংগঠনটির মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগিতায় জনগণের দোরগোড়ায় অতি দ্রুত ও সহজভাবে সেবামূলক উন্নয়নের কাজ করতে পারি।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক ভূঞা ও সদস্য সামছুল আজদ শীতলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ্, স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, সমিতির উপদেষ্টা ও টাংগাইল মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
