৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু

ইলশেপাড় ডেস্ক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামি ৩০ এপ্রিল শুরু হবে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুলাই মাসে হওয়ার কথা রয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।
তপন কুমার বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামি ৩০ এপ্রিল শুরু হবে। একই সঙ্গে এর দু’মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
জানা যায়, চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা। আর এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা।
তবে সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্বঘোষণা অনুযায়ী, চলতি বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে।
সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু ২০২০ সাল থেকে করোনা মহামারির কারণে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ২০২০ সালে বিষয় ও নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছিল। আর চলতি বছরও পরীক্ষায় নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়।

৩১ জানুয়ারি, ২০২৩।