হাজীগঞ্জে ৩ জনকে আসামি করে মামলা

বৃদ্ধ নিহতের ঘটনায়

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মো. আবুল কালাম মিজি (৭০) নামের বৃদ্ধ নিহতের ঘটনায় ৩ জনকে আসামি করে থানায় মামলা (নং- ৩৭) দায়ের করা হয়েছে। সোমবার রাতেই নিহতের মেয়ে জান্নাত বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মিজি বাড়ির মোস্তফা মিজির ছেলে রাকিব (২৪), দুলাল মিজির ছেলে নাজমুল (২০) ও আনোয়ার হোসেন আনা মিজির ছেলে সোহাগ (২০)।
এর আগে সোমবার সকালে নির্মাণাধীন ভবন সংক্রান্ত কাজ নিয়ে উল্লেখিত আসামি পক্ষের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে মোস্তফা মিজির ছেলে রাকিবের (২৪) কিল-ঘুষির আঘাতে বৃদ্ধ আবুল কালাম মিয়াজীর মৃত্যু হয় বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নিহতের পরিবার। নিহত আবুল কালাম ওই বাড়ির মৃত লোফতে আলী মিজির ছেলে।
এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহৃত আছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট আসলে নিহতের প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।