ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকল্পে প্রস্তুতিসভা



গণতন্ত্র না থাকায় আ.লীগের নেতাকর্মীরাও ভোট দিতে পারেনি
……………………ইঞ্জি. মমিনুল হক
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে কালচোঁ উত্তর ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির কার্যকরি কমিটি গঠনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে কালচোঁ উত্তর ইউনিয়নের স্থানীয় পিরোজপুর এবং বিকালে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামূড়া গ্রামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক।
দু’টি সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এবং দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের কমিটি পূর্ণগঠন করা হবে। এতে তৃণমূলের নেতা-কর্মীদের চাহিদার প্রতি গুরুত্ব দেয়া হবে। যেসব নেতৃবৃন্দ ভয় পায়, সুবিধাভোগী এবং অন্যদলের সাথে আতাঁত করে, তাদেরকে নেতৃত্বে আনা যাবে না। স্থানীয় নেতৃবৃন্দরাই তাদের নেতা নির্বাচন করবে। মনে রাখতে হবে- আমাদের নেত্রী জেলে, এখানে গ্রুপিংয়ের সুযোগ নেই।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে বুঝাতে সক্ষম হয়েছে, দলীয় সরকারের অধিনে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মামলা-হামলা করে নির্যাতন করা হচ্ছে। এমনকি বিএনপি করার অপরাধে নেতাকর্মী ও সমর্থকের সন্তানেরা চাকরি পাচ্ছে না। এতে বিএনপির নেতাকর্মীরা ভীত নয় বরং আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। যার ফলে, গণতন্ত্রকে বিশ্বাস না করে, প্রশাসনের প্রতি নির্ভর হয়েছে তারা।
উন্নয়নের পূর্বশর্ত গণতন্ত্র উল্লেখ করে ইঞ্জি. মমিনুল হক বলেন, রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া। গণতন্ত্র ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অথচ দেশে গণতন্ত্র নেই। বিএনপিতো দূরের কথা, আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট দিতে পারেনি। গণতন্ত্র না থাকার কারনে, জনগণ ভোট কেন্দ্রে যায়নি। গত জাতীয় নির্বাচন এবং সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ।
তিনি বলেন, সরকারি আমলাতান্ত্রিক দল হয়েছে আওয়ামী লীগ। যার নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে বিএনপিকে কথা বলতে হয় না, আওয়ামী লীগের নেতাকর্মীরাই নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, তাদের (আওয়ামী লীগ) এতো জনপ্রিয়তা, তাহলে কেন তৃণমূল থেকে নৌকা প্রতীক তুলে নেয়ার চিন্তা করা হচ্ছে?
প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল মান্নান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোজাম্মেল হক মহন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা মাহমুদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক এমএ রহিম পাটওয়ারী, আবু সুফিয়ান রানা, এমএ নাফের শাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন।
কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সায়েম মিয়াজীর পরিচালনায় স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসহাক বেপারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী, সদস্য শাহদাত হোসেন মজুমদার প্রমুখ।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব উল্যাহ্ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াজীর পরিচালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল কুদ্দুস মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় কোরআন তেলওয়াত করেন ছাত্রনেতা যোবায়ের আহমেদ রাজু, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় কোরআন তেলওয়াত করেন, যুবনেতা হাফেজ মিজানুর রহমান। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাবুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় স্ব-স্ব ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।