
স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় ব্রিজ এলাকা হইতে বন বিভাগের প্রায় লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে বন বিভাগের ফরিদগঞ্জ উপজেলার ফরেস্টার মো. কাউছার আহম্মেদ ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যার নং ২৯১০, তারিখ ২১/৬/১৯ইং।
অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় ব্রিজের গোড়া থেকে রাজাপুর পর্যন্ত ৫ কিলোমিটার বেড়িবাঁধের উপর সরকারিভাবে সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। গত ১৯ জুন সকাল ১১টার সময় ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শরীফুল আলম ও জলিল আহম্মেদের ছেলে ফয়েজ আহম্মেদসহ আরো ১০/১২ জন লোক নিয়ে ৭টি বাবলা গাছ ও ৩টি আকাশমনি গাছ চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা। এ খবর জানতে পেরে বন বিভাগের ফরিদগঞ্জ উপজেলার ফরেস্টার মো. কাউছার আহম্মেদ ও বাগান মালি মো. কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধা দেন। এ সময় শরীফুল আলম ও ফয়েজ আহম্মেদ তাদের কথায় কর্ণপাত না করে বরং তাদের সাথে অকথ্য ভাষায় গালমন্দ ও মারমুখি আচরণ করে। এছাড়া তাদের খুন করে লাশ গুম করে ফেলবে বলেও হুমকি প্রদান করে।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, ইতোপূর্বেও শরীফুল ইসলাম ও ফয়েজ আহম্মেদের বিরুদ্ধে বিভিন্ন স্থান থেকে সরকারি গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার একাধিক অভিযোগ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা তদন্তাধীন রয়েছে।
