হাজীগঞ্জে ইভটিজারের হামলায় আহত ৭


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌর এলাকায় ইভটিজিংয়ের শাসনে ক্ষিপ্ত হয়ে একই পরিবারের মা, মেয়ে, চাচিসহ ৭ জনকে মারধর করেছে ইভটিজার ও তার সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় গত রোববার হাজীগঞ্জ থানায় শামছুন্নাহার বাদী হয়ে ঘটনার সাথে জড়িতদের আসামি করে মামলা করেছে। গত শনিবার রাতে পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের মাঝি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় মাঝি বাড়ির খোকনের স্ত্রী ও মামলার বাদী শামসুন্নাহার (৩৫) ও তার মেয়ে অনু (১৭), আলী আক্কাসের স্ত্রী রাবেয়া বেগম (২৮) ও মেয়ে রিমু (১৩), হাজি আলী আরশাদের মেয়ে আমেনা খাতুন (২২) ও জান্নাত (১৫) এবং আলী আক্কাসের মেয়ে সুমাইয়া শিমু (২৫) আহত হয়েছেন। তারা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার মাঝি বাড়ির সৌদি প্রবাসী খোকনের মেয়ে, আলী আক্কাসের মেয়ে ও হাজি আলী আরশাদের মেয়ে সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই ওয়ার্ডের ইব্রাহিম ও তুষার ইভটিজিং করে। বিষয়টি ইভটিজারদের পরিবারকে জানান ওই শিক্ষার্থীদের পরিবার। পরে ইব্রাহিমকে শাসন করেন তার চাচা নাছির উদ্দিন।
এতে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে তার বন্ধু তুষার, ইব্রাহিম, তুষার-২, বাবু, রাসেল, আল আমিন, রাজন, সজীব, মাহিম, ইব্রাহিম-২, আশিক, জিহাদসহ কয়েকজনকে সাথে নিয়ে ওই শিক্ষার্থীর (খোকনের পরিবার) বাড়িতে হামলা চালায় এবং তাদের পরিবারের লোকজনকে মারধর করেন।
এতে ওই পরিবারের মা, মেয়ে ও চাচিসহ ৭ জন নারী আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের খোঁজ-খবর নেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, এ ঘটনায় শামসুন্ননাহার বাদী হয়ে মামলা করেছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।