ফরিদগঞ্জ প্রেসক্লাবে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন খানের মতবিনিময়


ফরিদগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই

ফরিদগঞ্জ ব্যুরো
গত শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন খান বলেন, গত ৪০ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে হৃদরোগে আক্রান্তদের সেবা দিয়ে এসেছি। আজ শেষ বেলায় এসে নিজের জন্মভূমি ফরিদগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই। এতোদিন ফরিদগঞ্জসহ দেশের মানুষকে ঢাকায় বসে চিকিৎসা সেবা দিলেও আমার ইচ্ছা এলাকার মানুষ যাতে নিজের উপজেলায় বসেই হৃদরোগসহ সব ধরনের চিকিৎসা সেবা নিতে পারে। সেজন্য আমি ফরিদগঞ্জে আল-হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টার চালু করেছি। এখান থেকে চেষ্টা করবো সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান করতে। তাছাড়া এই সেন্টার থেকেই আনুষ্ঠানিকভাবে টেলিমেডিসিন সেবার কাজ শুরু করছি। আমি বা আমার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা যেখানেই থাকুক না কেন, টেলিমেডিসিনের মাধ্যমে আমরা রোগীকে চিকিৎসা সেবা দিয়ে যাবো।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সভাপতি নুরুন্নবী নোমান ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন আল-হেলাল স্পেশালাইজড হাসপাতালে পরিচালক অধ্যাপক আবু শামীম, রেজিস্ট্রার হানিফ হোসাইনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। এর আগে দেশখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন খানকে ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

২৩ সেপ্টেম্বর, ২০১৯।