প্রসূতির মৃত্যু, ধাত্রীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ, বিক্ষোভ

টিটু,আনোয়ারা,চট্টগ্রাম,প্রতিনিধি | আপডেট: ১১:৩৫, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
চট্টগ্রামের আনোয়ারায় ধাত্রীর অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে ক্ষুব্ধ স্বজনেরা লাশ নিয়ে ওই ধাত্রীর বাসার সামনে বিক্ষোভ করেন।
জানা যায়, বারশত ইউনিয়নের কালীবাড়ি এলাকার বাসিন্দা খুরশিদা আক্তারের প্রসববেদনা ওঠার পর গতকাল দুপুরে একই ইউনিয়নের বন্দর এলাকার ধাত্রী সেলিনা আক্তারের কাছে নিয়ে যান। বিকেলে খুরশিদা কন্যাসন্তান প্রসব করেন। তবে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে নয়টার সময় লাশ নিয়ে ফেরার সময় স্বজনেরা ওই ধাত্রীর বাসার সামনে বিক্ষোভ করেন।
নিহত প্রসূতির ভাই শফিউল আলম অভিযোগ করেন, ধাত্রীর অবহেলায় তাঁর বোনের মৃত্যু হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে ধাত্রী সেলিনার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন,ঘটনাটি আমরা শুনেছি, তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।