জাল দলিল সৃজনের অভিযোগে

ফরিদগঞ্জ ব্যুরো
মৃত ব্যক্তিকে অন্য লোকের মাধ্যমে জীবিত সাজিয়ে জাল দলিল সৃষ্টি করে জমি লিখে নেয়ার অপরাধে হাবিব উল্যা (৫৫) এবং ফরিদগঞ্জের দলিল লেখক গোবিন্দপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খাঁ (৬৫) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত আব্বাছ আলী সিকদারের মেয়ে মৃত জাহানারা বেগম ১৯৯৭ সনের ৭ সেপ্টেম্বর রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে মর্মে তৎকালীন ফরিদগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক একটি প্রত্যয়ন পত্র দেন। জাহানারা বেগমের মৃত্যুর ৫ মাস ১২ দিন পর ১৯৯৮ সালে তারই ভাই হাবিব উল্যা অন্য নারীকে জাহানারা বেগম সাজিয়ে ২০ শতাংশ সম্পত্তির একটি দানপত্র দলিল সৃজন করে। যার দলিল নং ১৩৯৫।
এ নিয়ে জাহানারা বেগমের ছেলে রুবেল ইসলাম (৩০) প্রতিবাদ জানায়, স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশার বহু চেষ্টা করেও রুবেল ব্যর্থ হয়। উল্টো রুবেলের বিরুদ্ধে মামা হাবিব উল্যা মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। দীর্ঘদিন অপেক্ষার পর ২০১৯ সালে রুবেল ইসলাম বাদী হয়ে মামা হাবিব উল্যা ও দলিল লেখক মোনায়েম খাঁ কে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-১৪৬/১৯। ঐ মামলায় বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
গত ১১ ফেব্রুয়ারি বিবাদীরা আদালতে হাজিরা দিতে গেলে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
