মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভায় শ্রদ্ধায় স্মরণে এবং যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে শনিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বঙ্গবন্ধুসহ সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিন সকালে পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাস্থ্যবিধি মেনে পৌর মেয়রের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌরসভার সব কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর পুষ্পস্তবক অর্পন করেন পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সামাজিক দূরত্ব মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান বক্তারা। এ সময় বঙ্গবন্ধু ও ‘৭৫-এর কালরাতে শাহাদাতবরণকারী সব সদস্যের রুহের মাগফিরাত এবং শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
পৌর সচিব মুহাম্মদ নূর আজম শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য আরো রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, সহ-সভাপতি জাকির হোসেন মোহন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা ও শামসুজ্জামান মুন্সী, পৌরসভার প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি প্রমুখ।
বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সবার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন কেন্দ্রিয় বাস টার্মিনাল মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ। এ সময় পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, পৌর আওয়ামী লীগ ও সব ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭ আগস্ট, ২০২০।
