স্টাফ রিপোর্টার
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করেন ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এবং ইউপি সদস্য আলহাজ
মিজানুর রহমান। এসময় তিনি ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। গত রোববার রাতে চাঁদপুরের ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর হোসেনের সার্বিক সহযোগিতায় বিরামপুর বাজারে ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিরামপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও ইউপি সদস্য আলহাজ মিজানুর রহমান লিফলেট বিতরণকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরটি বাংলাদেশের বানিজ্য মন্ত্রণালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এ দপ্তরটি সব সময় জনসাধারণের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকেন। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ভোক্তা অধিদপ্তরের একটি অফিস রয়েছে। এই দপ্তরের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করার সময় কেউ প্রতারিত হলে নির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ দাখিল করতে পারেন। আপনার অভিযোগ তদন্তসাপেক্ষে প্রমাণিত হলে ক্ষয়ক্ষতির অর্থ ফেরত পেতে পারেন।
তিনি আরো বলেন, ভোক্তা অধিদপ্তর সঠিক মনিটরিংয়ের মাধমে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাদ্য উৎপাদন ও নানা সিন্ডিকেট ভেঙে দিচ্ছে। বিভিন্ন প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে এর সুফল জনসাধারণ পাচ্ছে। তাই আমরা সর্বশেষ একটি অঙ্গীকার করতে চাই, আমরা সবসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন ইয়াসিন, মনির হোসেন, শাহাদাৎ, জুয়েল, সবুজ, আমির, সোহাগ, মিশর, আনোয়ারসহ অন্যান্যরা।
২৪ আগস্ট, ২০২১।
