প্রভাব পরছে তরকারির বাজারে
ইল্শেপাড় রিপোর্ট
ইলিশের প্রজনন বৃদ্ধিতে আগামি ৪ অক্টোবর থেকে টানা ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ ক্রয়-বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে। আসন্ন ইলিশের প্রজনন মৌসুমের আগে নদীতে ধরা পরছে প্রচুর ইলিশ।
এখন ইলিশে চাঁদপুরের বাজার সরগরম হলেও তা ক্রেতাদের নাগালের বাইরে। নদীতে ইলিশের আমদানির বিপরীতে ক্রেতাদের চাহিদা বৃদ্ধি হচ্ছে। সাথে আসন্ন পূজাকে সামনে রেখে ইলিশ রপ্তানিও বাড়ছে। অপরদিকে বর্তমানে সরবরাহ স্বাভাবিক থাকলেও জেলার বাজারগুলোতে কমছে না তরকারির দাম।
সরজমিনে চাঁদপুর ইলিশঘাট ঘুরে দেখা গেছে, বাজারে ইলিশের সরবরাহ অনেকটাই বাড়ছে। কিন্তু তা চড়া দামে বিক্রয় হচ্ছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৫শ’ গ্রাম সাইজের ইলিশ ৭শ’ টাকা, ৭শ’-৮শ’ গ্রামের ইলিশে ৮শ’ টাকা ও এক কেজি সাইজের ইলিশ ১৩শ’ থেকে ১৪শ’ টাকায় বিক্রি হচ্ছে।
চাঁদপুরের আড়ৎদাররা জানান, ভারতে রপ্তানির কারণে ইলিশের দাম অনেকটাই বেড়ে গেছে। দুই দিন আগেও ৮শ’-৯শ’ গ্রাম সাইজের ইলিশ ৫০ হাজার টাকায় মণ ক্রয় করা গেছে। এখন আরো বেড়ে যাওয়ায় দাম শুনে অনেকেই মাছ কিনতে চাচ্ছে না।
মাছ ব্যবসায়ীরা আরো জানান, প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে-ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছর ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করে দেয় সরকার।
চাঁদপুরের তরকারির বাজারগুলে ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ১২০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে, বেগুন ৩০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৩০, ঝিঙে ৪০-৪৫, উচ্ছে ৬০, কুশি ৪০, আলু ২০, দেশি পেঁয়াজ ৫০, কাঁকরোল ৪০, পেঁপে ৩০, পটল ৩০-৪০, মিষ্টিকুমড়া ৩০ ও কাঁচকলা প্রতি হালি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
শহরের বিপণীবাগের তরকারি ব্যবসায়ী মুন্না বলেন, বাজারে সবজির সরবরাহ রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে সবজির দাম কমছে না। শীতের আগে সবজির একটু দাম বাড়ে। কিন্তু তাই বলে এতো নয়। শীতের সবজি আসলে দাম কমে যাবে।
সবজির সরবরাহ যত বাড়তে শুরু করবে দামও ধীরে ধীরে কমতে থাকবে। অপর ব্যবসায়ী আবদুর রহমান বলেন, বাজারে সবজির সরবরাহ যত বাড়বে, মূল্যও নামতে থাকবে।
বিপণীবাগ বাজারের ইলিশ ব্যবসায়ী রহিম, সুমন জানান, এবার ইলিশের সরবরাহ কিছুটা কম। তারপরও ভারতে মাছ রপ্তানি করা হচ্ছে। রপ্তানিকারকরা মোকাম থেকে মাছ ক্রয় করছে বেশি দরে। তারা এক কেজির ওপরে মাছ ১৪শ’ টাকায় ক্রয় করছেন। যে কারণে তাদেরও বেশি দরে মাছ কিনতে হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২১।
