জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার এজাহারভূক্ত তিন আসামিকে আটক করেছে র্যাব-১১। গত শনিবার রাতে র্যাবের-১১ এর আভিযানিক দল ঢাকা ও চট্টগ্রাম থেকে তাদের আটক করে।
আটকরা হলো- তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম ওরফে সোহেল শিকদার, মো. ইসমাইল এবং শাহ আলম।
এসময় হত্যাকারীদের ব্যবহৃত বোরকাগুলো ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করেছে র্যাব। গতকাল রোববার দুপুরে র্যাব-১১ এর কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। র্যাব-১১ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।
গত ৩০ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেনকে বোরকা পরিহিত একদল অস্ত্রধারী সন্ত্রাসী গুলিকরে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নয় জনের নাম উল্লেখসহ সাত-আটজন অজ্ঞাতনামা আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর ছয় আসামির মধ্যে পাঁচজন ভারত, নেপাল, সৌদি আরব ও বাংলাদেশে পলাতক রয়েছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটক আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
০৮ মে, ২০২৩।
