মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে করোনাভাইরাস ঝুঁকির মধ্যে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম এমএ মতিনের জানাযায় মানুষের সমাগম ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় মুন্সী বাড়িতে জানাযা ও দাফন সম্পন্ন করা হবে। জানাযায় অংশগ্রহণকারীদের সামাজিক দূরত্ব (শারীরিক দূরত্ব) মেনে অংশ নিতে হবে।
দু’বারে সর্বোচ্চ ১০০ জন জানাযায় অংশ নিতে পারবে। এক্ষেত্রে প্রতি জানাজা দুই বা ততোধিক কাতারে শারীরিক দূরত্ব মেনে ৫০ জন দাঁড়াতে পারবেন। পুলিশের পক্ষ এমন সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানা গেছে। জেলায় মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া এবং টোরাগড় গ্রামেও করোনা সংক্রমিত রোগী থাকায় সংক্রমণ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে একজন সংবাদকর্মীকে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, করোনা সংক্রমণ রোধে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। জানাজায় কাতারপ্রতি ২০/২৫ জন দাঁড়াতে পারবেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকেও জানাযায় বিপুল মানুষের অংশগ্রহণ নিরুৎসাহিত করা হয়েছে। যার ফলে শাহারাস্তি উপজেলায় মরহুমের জানাযা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
মরহুমের দৌহিত্র ইয়াছির আরাফাত অনিক জানান, দাদাকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে জামে মসজিদে জানাজা শেষে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। বাড়িতে আনার পরই নির্দিষ্ট সময়ে জানাজা অনুষ্ঠিত হবে।
অনিক আরো জানান, বিএনপির কেন্দ্রিয় পার্টি অফিসের সামনে ও শাহরাস্তি উপজেলায় জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না। প্রশাসনিকভাবে শুধুমাত্র বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ ৫০ জন জানাজায় অংশ নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ৪ বারের প্রাক্তন সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমএ মতিন (মতিন স্যার) আজ মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহে ওয়া…রাজেউন)।
তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌরসভাধীন টোরাগড় গ্রামের মুন্সী বাড়ির খান সাহেব মরহুম জুনাব আলীর মুন্সীর ছেলে।
২৬ মে, ২০২০।
