কর্মহীনের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
অদৃশ্য ভাইরাস করোনার ভয়াল থাবায় পুরো বিশ্ব আজ অচল। বাংলাদেশও এর বাইরে নয়। ২৬ মার্চ থেকে চলছে দেশব্যাপী সাধারণ ছুটি। সরকারের পক্ষ থেকে দেশবাসী সবাইকে অনুরোধ করা হয়েছে এই সময়ে সবাই যেন ঘরে থাকে।
সামর্থবান মানুষ ঘরে থাকলে তাদের কোন অসুবিধা হবে না হয়তো কিন্তু যারা নিম্ন আয়ের দিনমজুর তাদের তো আর ঘরে থাকলে চলে না। কবির ভাষায় ‘ক্ষুধার রাজ্যে চাঁদ যেন ঝলসানো রুটি’।
এই সংকটে নিম্নআয়ের শ্রমজীবী লোকজন কর্মহীন হয়ে পড়েছে। তাদের ন্যূনতম সঞ্চয়ও শেষ হয়ে গেছে। কিন্তু তাদের কে খাওয়াবে কাজ না থাকলে। এখন সারা দেশের অবস্থাই এরকম। এর ব্যতিক্রম নয় হাজীগঞ্জ-শাহরাস্তিও।
এমন দুঃসময়ে সরকারের পাশাপাশি নিজ এলাকার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
তিনি করোনা প্রাদুর্ভাব এবং আসন্ন মাহে রমজানকে সামনে রেখে রোটারী ক্লাব অব ঢাকা প্যাসিফিক এবং সেভ দ্যা হিউম্যানিটির সহযোগিতায় হাজিগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলায় কর্মহীন ৫ শতাধিক পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণ কাজে সহযোগিতা করেন দলীয় নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ইতোপূর্বেও ইঞ্জি. মোহাম্মদ হোসাইন দুই উপজেলায় (হাজীগঞ্জ-শাহরাস্তি) ৪০০ পরিবারের মধ্যে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ইঞ্জি. মোহাম্মদ হোসাইন জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে কাজ করছেন। তিনি দেশের এই দুর্যোগকালীন সময়ে কর্মহীনসহ সব মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। আমি এই এলাকার সন্তান, এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ালে তারা একটু ভরসা পাবেন যে, তারা এই লড়াইয়ে একা নন।

১৯ এপ্রিল, ২০২০।