খেলাধুলার মাধ্যমে আমরা চাঁদপুরকে এগিয়ে নিয়ে যাবো : শিক্ষামন্ত্রী

চাঁদপুরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আমাদের মাথাপিছু আয় প্রায় ২ হাজার ডলার। বাংলাদেশের উন্নয়নের যে অগ্রগতি, সেটির ছোঁয়া দেশের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখতে চাই। আর এটির জন্য প্রত্যেককে তার নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা ক্রিকেট লীগ অংশগ্রহণ করেছেন, আমি মনে করি তারা খেলার মধ্যে দিয়ে খেলোয়াড়সুলভ আচরণ শিখবে এবং সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে। তারা সুস্থ দেহ ও মনের অধিকারী হবে এবং তারা সব প্রকার সামাজিক ব্যাধী জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং থেকে দূরে থাকবে। তারা এ ধরনের কাজ থেকে অন্যদের দূরে সরিয়ে রাখতে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।
শিক্ষামন্ত্রী বলেন, খেলা ও সাংস্কৃতিসহ সব দিক দিয়ে আমরা চাঁদপুরকে এগিয়ে নিয়ে যাবো। আর সেজন্য যারা ব্যবসায়ী রয়েছেন, তারা সরকারের পাশাপাশি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসবেন। কারণ চাঁদপুরের স্থানীয় ক্লাবগুলো খেলাধুলা পরিচালনা করতে অনেক কষ্ট হয়। তাই ব্যবসায়ীদের মধ্যে যারা বিভিন্ন ক্লাবে জড়িত আছেন সেইসব ক্লাবসহ অন্য ক্লাবগুলোকে সহযোগিতা করে এগিয়ে আনবেন।
ডা. দীপু মনি বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ ঘোষিত হয়েছে মুজিববর্ষ হিসেবে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করবে। আর এ উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আর এ উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হবে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল ঘোষসহ আরো অনেকে।
উল্লেখ্য, খেলায় সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করেবেন। দলগুলো হলো- চাঁদপুর ক্রিকেট একাডেমি, ক্রিকেট কোচিং সেন্টার, আবাহনী ক্রীড়াচক্র, পাইওনিয়ার ক্লাব, চাঁদপুর ইয়ুথ ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, উদয়ন ক্লাব, প্রফেসর পাড়া ক্রীড়া চক্র। উদ্বোধনী খেলায় অংশ নেয় পাইওনিয়ার ক্লাব ও চাঁদপুর ইয়ুথ ক্লাব।