ফরিদগঞ্জ ব্যুরো
উপজেলার কবিরুপসা গ্রামের শাহ আলম মুকুল ভূঁইয়া নামে এক মৎস্য আড়ত ব্যবসায়ীকে বাড়ি ফেরার পথে পিটিয়ে এক লাখ ত্রিশ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন কবিরুপসা ব্রিজের উপর ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহ আলম মুকুলকে রাতের আঁধারে ৪/৫ জনের একটি দল তার হোন্ডার সামনে দাঁড়িয়ে গতিরোধ করে ও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। তার প্যান্টের পকেটে থাকা টাকা ছিনতাই করে রুপসা কুরী বাড়ির উপর দিয়ে পালিয়ে যায়।
আহতের ছোট ভাই আরিফ হোসেন ভূঁইয়া জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার রুপসা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন শাহ আলম মুকুল ভূঁইয়া। তিনি রুপসা বাজারের একজন মৎস্য আড়ত ব্যবসায়ী। দুর্বৃত্তের দল জানতো আজ তার কাছে কালেকশনের টাকা আছে। সেই মতে পথে আগে থেকে ওঁৎ পেতে থাকে তারা। পরে মুকুল রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন কবিরুপসা ব্রিজের কাছে পৌঁছলে পূর্ব পরিকল্পনা মতে গতিরোধ করে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার সময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত শাহআলম মুকুলকে উদ্ধার করে স্থানীয়রা।
ঘটনা শুনে স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সুমন, রুপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খান, সহ-সাধারণ সম্পাদক রিয়াদ হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার বিবরণ জানেন।
নজরুল ইসলাম সুমন জানান, তিনি আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন।
রুপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খান এই প্রতিনিধিকে জানান, তিনি থানায় ফোন করেছেন।
