মতলব উত্তরে সাংসদ রুহুলের ১২০ সমর্থকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
মতলব উত্তরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সাংসদ নুরুল আমিন রুহুলের সমর্থক কাজী মিজানসহ ১২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গত ৮ অক্টোবর মতলব উত্তর থানায় ৭৮ জনের নাম উল্লেখ করে মোট ১২০ জনের বিরুদ্ধে মামলা করেন রাঢ়ীকান্দি গ্রামের আবুল বাশার নোবেল। তিনি সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী।
মামলার এজাহারে বলা হয়, ২ অক্টোবর চাঁদপুরে আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল নেতাদের সভায় যোগদানের জন্য সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া লোকজন নিয়ে যাওয়ার পথে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মতলব সেতুর টোল প্লাজার উত্তর পশ্চিম অংশের বেড়িবাঁধের উপর সাংসদ নুরুল আমিন রুহুলের সমর্থক মোহনপুরের কাজী মিজান, কাজী মতিন, কাজী হাবিবের নেতৃত্বে ১২০জন পথরোধ করে। পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমন করে।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, কাজী মিজান, কাজী মতিন ও কাজী হাবিবসহ ৭৮জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা সবাই সংসদ সদস্য নুরুল আমিন রুহুলের অনুগত নেতা-কর্মী ও সমর্থক। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থকদের বিরুদ্ধে এর আগে একটি মামলা হয়েছে।
১০ অক্টোবর, ২০২১।