সংসদ অধিবেশনে নুরুল আমিন রুহুল…রিভার ড্রাইভ ও মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মাণ জরুরি


মতলব উত্তর ব্যুরো
মেঘনা নদীর পাড়কে রিভার ড্রাইভে পরিণত করে চাঁদপুর-ঢাকা যোগাযোগ ব্যবস্থা ও মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মাণ করে সড়ক পথে ঢাকার সাথে দূরত্ব কমিয়ে আনার দাবি জানালেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বর্ষা মৌসুমে নদী পথে ঢাকা থেকে বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর, ভেদরগঞ্জে লঞ্চযোগে মানুষ যাতায়াত করতে গিয়ে নৌ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। চাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত মেঘনা নদীর পাড়কে রিভার ড্রাইভ (চট্টগ্রামের মেরিন ড্রাইভের মতো) নির্মাণ করলে নৌ দুর্ঘটনায় অকালে প্রাণ হারাবে না মানুষ। তৈরি হবে নদী তীরে পর্যটন সম্ভাবনা। এছাড়া মতলব উত্তর গজারিয়া সেতু নির্মাণ করে নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের সাথে সড়কপথে দূরত্ব কমিয়ে আনা সম্ভব বলে তিনি জানান।
সংসদ অধিবেশন যোগদান করে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের জনগণের পক্ষ থেকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
চাঁদপুর-২ আসনে সব ধরনের উন্নয়নে বর্তমান সরকারের পক্ষ থেকে অবদান রাখার সহযোগিতা কামনা করেন তিনি।

১ জুলাই, ২০১৯।