সংসদ সদস্য, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন মহলের শোক
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত মুক্তিযোদ্ধা সাবেক বিএলএফ বাহিনীর কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহন (মোহন সিরাজ) মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া…..রাজেউন)। আজ বুধবার বাদ জোহর মরহুমের
নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং পাঁচ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌরসভাধীন ৩নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই গ্রামের হাজি বাড়ির বাসিন্দা।
গত ১৫ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এ আয়োজনকে কেন্দ্র করে বিবাদমান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষকালীন সময়ে ইটের আঘাতে গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা, সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম ওরফে মোহন সিরাজ। ঘটনার পর তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গত ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।
এদিকে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
৩০ ডিসেম্বর, ২০২০।
