হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নুরুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধ। সোমবার দুপুরে বাড়ির পাশের বাগানে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তিনি। নুরুল ইসলাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিহিরচোঁ গ্রামের সর্দার বাড়ির মৃত ইব্রাহিম সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছের ডালে নুরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মান্নান ও উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন লাশ উদ্ধার করেন।
নিহতের ছেলে কবির জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাকে সবসময় নজরদারীরে রাখতেন তারা। সোমবার সকালে নাস্তা খেয়ে পরিবারের লোকদের অগচোরে তিনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বৃদ্ধের পারিবারিকভাবে কোন চাপ বা অশান্তি ছিলো না। তিনি বয়সের ভারে এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। তার পরিবারসহ স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের লিখিত অনুমতির ফলে পরিবারের লাশ বুঝিয়ে দেয়া হয়।
