মোহাম্মদ হাবীব উল্যাহ্
গত কয়েকদিনের যানজটে বিশেষ করে পবিত্র ঈদুল আজহার পূর্ববর্তী সময় থেকে অদ্যাবধী পর্যন্ত হাজীগঞ্জ বাজারের যানজটে দুর্বিষহ হয়ে উঠছে হাজীগঞ্জ বাজারবাসী। একদিকে ব্যবসায়ী, অন্যদিকে হকারদের ফুটপাত দখল এবং অনিয়ন্ত্রিত
সিএনজিচালিত স্কুটার ও অটোরিক্সার পার্কিংয়ের কারণে বাজারে নিত্য যানজট লেগেই থাকে।
প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের বিভিন্ন সময়ের পদক্ষেপে হাজীগঞ্জবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু কয়েকদিন পর আবারো আগের অবস্থানে ফিরে আসে। অভিযানে একদিকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত হকার এবং সিএনজি ও অটোরিক্সা সরে গেলেও অন্যদিকে আবারো ফুটপাত ও সড়ক দখল হয়ে যায়। এ যেন চোর-পুলিশ খেলা।
এই দুর্বিষহ যানজট থেকে মুক্তি পেতে এবং সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণে অবশেষে বুধবার (২৬ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি, তার স্টাফদের নিয়ে বাজারের ব্যবসায়ী, হকার ও সিএনজিচালিত স্কুটার ও অটোরিক্সার চালকদের সাথে কথা বলেন।
এ সময় তিনি ব্যবসায়ী ও হকার এবং চালকের নিদের্শনা দেন। কেউ যেন ফুটপাত ও সড়ক দখল না করে এবং যারা ফুটপাত ও সড়কের দখল করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে এবং কাউকে আর ছাড়া দেয়া হবে না বলে তিনি জানান। এ সময় থানার এসআই জয়নাল আবেদীন-১ ও জয়নাল আবেদীন-২ সহ থানার অন্যান্য অফিসার ও ট্রাফিকের সদস্যরা উপস্থিত ছিলেন।
২৭ আগস্ট, ২০২০।
