মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেনস্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। আজ (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে।
মরহুম হাবিবুর রহমান হিটু ওই ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির নোয়াব আলী হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও এক শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা গেছে, নিকটাত্মীয়ের অসুস্থতার খবর শুনে সোমবার সকালে তাকে দেখতে ঢাকায় যান হাবিবুর রহমান হিটু। এরপর এদিন বিকালে তিনি সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে মরহুম হাবিবুর রহমান হিটুর জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে হাবিবুর রহমান হিটুর অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সুজিত রায় নন্দীর শোক : হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু গতকাল ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১১ অক্টোবর, ২০২২।
