মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে প্রায় ১১ ঘণ্টা পর ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে আটকে পড়া নৈশপ্রহরী মো. শাহজাহান (৫০) কে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল ১১টায় বুথের তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। মো. শাহজাহান হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের বাসিন্দা এবং ব্র্যাক ব্যাংক হাজীগঞ্জ শাখার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
বুথে আটক শাহজাহান জানান, রাত আনুমানিক ১২টার সময় তিনি ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করলে বুথের দরজা বন্ধ হয়ে অটোলক হয়ে যায়। রাতে অন্য সহকর্মীদের (নৈশপ্রহরী) ফোন দিলেও, তারা কেউ ফোন রিসিভ না করায় সকাল পর্যন্ত তিনি বুথ থেকে বের হতে পারেননি।
তিনি জানান, ব্যাংক বন্ধ থাকায় ব্যাংকের ম্যানেজারকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সকালে ডিউটি করার জন্য অন্য নৈশপ্রহরী আসে। সেও কয়েকবার চেষ্টা করে তালা খুলতে পারেনি। এরপর কে বা করা ফায়ার সার্ভিসকে খবর দিলে, তারা এসে আমাকে বুথ থেকে বের করে আনে।
ফায়ার সার্ভিসের লিডার মো. সিদ্দিকুর রহমান (ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার) জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ব্র্যাক ব্যাংকের বুথে সামনে এসেছি। এর পরে তালা ভেঙে নৈশপ্রহরী শাহজাহানকে উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়াকে ঘটনাস্থলে প্রেরণ করি। পরে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস কর্মীরা বুথের তালা ভেঙ্গে আটক নৈশপ্রহরীকে উদ্ধার করে।
এ বিষয়ে ব্যাংকের ম্যানেজারের মোবাইল ফোনে (০১৭২০-৩৫৭১০৮) নম্বরে কয়েকবার কল করা হলেও, কেউ ফোন রিসিভ না করায় ব্যাংকের পক্ষে কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
