প্রাণের ভয়ে ৫ দিন মুখ খোলেনি
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি গত ১৬ জুন রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের বেপারি বাড়িতে ঘটে। শিক্ষার্থীটি ধর্ষণের শিকার হওয়ার পর ধর্ষকের প্রাণনাশের হুমকিতে গত ৫ দিন যাবত মুখ খোলেনি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চিকিৎসকের কাছে নিলে বিষয়টি ধরা পড়ে।
ধর্ষণের শিকার শিক্ষার্থীটি মা জানান, গত ১৬ জুন রাতে একই বাড়ির নুর মোহাম্মদের লম্পট ছেলে সালামত উল্লা কৌশলে তার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করে। কিন্তু ধর্ষক সালামত আমার মেয়েকে ধর্ষণ করার পর মেরে ফেলার হুমকি দেয়ায় সে বিষয়টি আমাকে জানায়নি। ঘটনার পর মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে প্রথমে ভেবেছি হয়তো প্রকৃতির নিয়মে মেয়েটির তা হচ্ছে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হওয়ায় তাকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাই। তখন বিষয়টি ধরা পড়ে। এরপর মেয়েটি প্রকৃত ঘটনাটি আমার কাছে খুলে বলে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব জানান, ধর্ষণের শিকার শিক্ষার্থীটি বাবা আলমগীর হোসেন বাদী হয়ে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত ধর্ষককে আটকের চেষ্টা চলছে।
