সবজি ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা?

নারায়ন রবিদাস
৫ শতক জমির উপর পেঁপে, লাউ, চালকুমড়া ও শিমসহ বিভিন্ন জাতের সবজি গাছ রোপণ করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম। কিন্তু রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা এসব সবজির চারাগুলো কেটে ফেলে দেয়। অমানবিক এই কাণ্ড দেখে হতবাক হয়ে যায় আশপাশের লোকজন।
গত বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। রেজাউল করিম গতকাল শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানায় তার আবাদকৃত মাছের ঝিলসহ অন্য ফসল রক্ষার্থে সাধারণ ডায়রি করেছেন।
রেজাউল করিম জানান, তার চাচাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কিন্তু এ বিরোধকে কেন্দ্র করে সবজি ক্ষেত বিনষ্ট করবে কেউ- একথা বিশ্বাস করতে কষ্ট হয়।
তিনি বলেন, শত্রুতা যদি থাকে তার সাথে থাকতে পারে। কিন্তু সবজি ক্ষেতের সাথে থাকার কথা নয়।

১৭ জুলাই, ২০২০।