মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন তাপস শীল। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় যোগদান করেন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন তাপস শীল। তিনি চাকরি জীবনে প্রথমে রাঙ্গামাটি জেলায় প্রবেশনারী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। এরপর তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে পদোন্নতি পেয়ে গত বছরের ৩০ আগস্ট কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন তাপস শীল। সম্প্রতি ইসির নির্দেশনা অনুযায়ী দেশের ১১০ উপজেলার ইউএনও বদলির কার্যক্রমের অংশ হিসাবে তিনি হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
তাপস শীল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কৃতী সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী ৩৪তম বিসিএস ক্যাডার হিসাবে সরকারি চাকরিতে যোগদান করে বর্তমানে কৃষি অধিদপ্তরের অধীনে রাজধানীর খামার বাড়িতে কর্মরত আছেন।
এক প্রতিক্রিয়ায় নবাগত ইউএনও তাপস শীল বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে হাজীগঞ্জ উপজেলায় যোগদান করেছি। যতদিন থাকবো সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলাবাসীর উন্নয়ন ও সম্মৃদ্ধিকরণ ততদিন কাজ করবো। এজন্য সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, সদ্য বিদায়ী মো. রাশেদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে গত বছরের ৭ এপ্রিল হাজীগঞ্জে যোগদান করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক বছরের বেশি দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইসির (নির্বাচন কমিশন) নির্দেশনায় বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে ইউএনও মো. রাশেদুল ইসলামকে কক্সবাজার জেলার কুতুবদীয়া উপজেলায় এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস শীলকে হাজীগঞ্জ উপজেলায় বদলি/পদায়ন করা হয়েছে।
১২ ডিসেম্বর, ২০২৩।
