ফয়সাল আহমেদ
আজ কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৮ ডিসেম্বর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম পর্ব শেষে বিকাল ৩টায় দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন বসার প্রস্তুতিকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে কাউন্সিল অধিবেশন স্থগিত রাখেন। অবশেষে আজ সোমবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় স্টেডিয়ামে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, সমঝোতার ভিত্তিতে সাধারণ সম্পাদক নির্বাচনের প্রক্রিয়া চলমান রয়েছে। সভাপতি পদে রয়েছেন ৬জন প্রার্থী। এরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মিয়াজী ও ফয়েজ আহমেদ স্বপন।
উল্লেখ্য, ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা কমিটির সদস্যসহ ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন কমিটির মোট ৪শ’ ৮৫ জন নির্বাচিত কাউন্সিলর সভাপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে এ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়কারী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী একেএম আব্দুল মোতালেব।
১৯ ডিসেম্বর, ২০২২।
