শিক্ষার্থীদের সামগ্রিকভাবে গড়ে তুলতে হবে
………. অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর ব্যুরো
দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ২২ হাজার ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল।
তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে। এ কারণে সারাদেশে অবকাঠামো নির্মাণের প্রস্তুতি চলছে। এ বছরের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২২ হাজার নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এটাই বড় উদ্যোগ। এর আগে কোনো সরকার এত বড় উদ্যোগ নেয়নি।
নুরুল আমিন রুহুল বলেছেন, একজন শিক্ষিত মানুষ কিন্তু পরিপূর্ণ মানুষ না, যদি সে সামগ্রিকভাবে নিজেকে গড়ে তুলতে না পারে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। আর সেজন্যই তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে আমিয়াপুর হযরত বিবি ফাতেমা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল ফলক উন্মোচন করেন।
ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন দরবার কমিটির সভাপতি আলহাজ মো. শাহ আলম। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসা সুপার হযরত মাওলানা মুফতী ফারুক আহাম্মদ আল কাদরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল মেম্বার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শরীফুজ্জামান প্রমুখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মাদ্রাসার সব শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রাতে মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
