একুশে পদকপ্রাপ্ত ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীরের জানাজা সম্পন্ন


কচুয়া ব্যুরো
কচুয়ার কৃতী সন্তান, একুশে পদকপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি, সমাজবিজ্ঞানী, লেখক ও কলামিস্ট ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর (৮৪) গতকাল সোমবার দুপুর ১টায় গুলশান নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..রাজিউন)।
সোমবার বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম কচুয়া উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, মরহুমের একমাত্র ছেলে ড. নাদিম জাহাঙ্গীর।
জানাজায় অংশগ্রহণ করেন মরহুমের ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর মামুন, জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, ছাত্রলীগের আহ্বায়ক সালউদ্দিন সরকারসহ বিপুলসংখ্যক মুসল্লি।
জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, থানার ওসি ওয়ালী উল্লাহ অলী, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
জানাজা শেষে গুলবাহার খান বাড়ির পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।